পরম সত্তাকে জানা ও চেনার আকুতি মানুষের চিরন্তন। তার জন্য চাই জ্ঞানতাত্ত্বিক সাধনা; ধ্যান ও আত্মিক প্রেরণা।
প্রাচীনকাল থেকেই এই অঞ্চল বহু মুনি-ঋষি-সাধু-ফকির-পীর আউলিয়ার লীলাভূমি । তাদের নানা মাত্রিক সৃষ্টিশীল কর্ম প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়েছে। তাই কাদামাটি বেষ্টিত এই জনপদের মানুষ স্বভাবে শান্তিপ্রিয়। জীবনবোধ ও চৈতন্যে সহজিয়া বা মরমীবাদী।
কিন্তু বর্তমান পুঁজি নিয়ন্ত্রিত বিশ্বব্যবস্থায় ব্যক্তির অহং ও লোভ লালসা হয়ে পড়েছে নিয়ন্ত্রনহীন। ফলে পৃথিবী আজ হিংসা-বিদ্বেষ হানাহানিতে পরিপূর্ণ। গুরু পরম্পরায় এই মরমী সাধন পথের অনুসন্ধানই আমার শিল্পচর্চার মূল অভিমুখ। সংগীত এই অঞ্চলের চিন্তা ও সাধন পথের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই গানকে আশ্রয় করে আমি আমার চিত্রকল্পকে দৃশ্যায়ন করি। আমি মনে করি সংগীত মানুষ সহজেই বুঝতে বা অনুভব করতে পারে।
বিষয় হিসাবে আমার কাজে মানুষই মুখ্য; মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা ঘিরেই আমার কাজ । প্রত্যাশা করি প্রাণ ও প্রকৃতির দায় ও দরদ নিয়ে এক সর্বময় পরমের অনুভব ও মানুষের সাথে মানুষের প্রেম।




